সোমবার, ১১ জুলাই, ২০১৬

গুলশান ও শোলাকিয়ার ঘটনার প্রতিবাদে টরন্টোতে সভা


দেশে জঙ্গিবাদের উত্থান-প্রসার ও আক্রমণের প্রতিবাদে প্রগতিশীল গণতান্ত্রিক উদ্যোগ (পিডিআই) কানাডার আহ্বানে টরন্টোতে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনার শুরুতেই জঙ্গিদের হামলায় নিহতদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। বক্তারা এই জঘন্য ও নৃশংস হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। একই সঙ্গে নিহতের শোকসন্তপ্ত পরিবার ও স্বজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
১০ জুলাই রোববার টরন্টোর ডেনফোর্থের রেড হট তন্দুরি রেস্তোরাঁয় এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সমন্বয়ক ড. মঞ্জুরে খোদা টরিক সভা পরিচালনা করেন। সভাপতিত্ব করেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক বিদ্যুৎ রঞ্জন দে।
সভায় বক্তারা বলেন, অনেক দেশ জঙ্গি হামলার ঘটনাকে কেন্দ্র করে ও জঙ্গি দমনে বাংলাদেশকে সহযোগিতা দিতে ছুটে এসেছে। বিশ্বের অন্যান্য দেশে তাদের সহযোগিতার পরিণতি বিবেচনায় নিয়ে বাংলাদেশকেও সতর্কতার সঙ্গে এগোতে হবে।
আলোচনা করেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক আজিজুল মালিক, সাবেক ছাত্রনেতা নাসির উদ দুজা, বাকসুর সাবেক ভিপি ফাইজুল করিম, শিক্ষক মাসুক আহম্মেদ, হাবিবুর রহমান, শিক্ষক টিটো খন্দকার, সাবেক ছাত্রনেতা ফকরুল ইসলাম চৌধুরী, রানা দেব রায়, উদীচীর সংগঠক মুক্তি প্রসাদ, আখলাক হোসেন, কবি দেলোয়ার এলাহি ও আবৃতিকার শেখর গোমেজ।
বক্তারা আরও বলেন, এই উদ্বেগজনক পরিস্থিতি ও বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে সরকার দেশে ধর্মীয় জঙ্গিবাদের উত্থান ও বিপদকে ক্রমাগতভাবে অস্বীকার করছে। এতে তারা হতাশ ও উদ্বেগ প্রকাশ করেন। তারা বর্তমান প্রেক্ষাপটে দেশে জঙ্গিবাদ ধ্বংস ও প্রতিরোধে মুক্তিযুদ্ধের চেতনায় সকল দেশপ্রেমিক নাগরিক, দল, শক্তি ও সংস্থাকে ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করার আহ্বান ও অনুরোধ জানান। একই সঙ্গে প্রগতিশীল, অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক সংগ্রামের ধারাকে জোরদার ও শক্তিশালী করার আহ্বান রাখেন। তারা আরও বলেন, এখন পরস্পর বিরোধী রাজনীতির করার সময় নয়। দেশের এই দুঃসময়ে দল-মত-নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ জঙ্গিবাদ মোকাবিলা করতে হবে।

SHARE THIS

0 comments: