দুর্বৃত্তদের ছুরিকাঘাতে রাজধানীর গাবতলীতে দায়িত্ব পালন অবস্থায় পুলিশের একজন এএসআই নিহত হয়েছেন। নিহতের নাম ইব্রাহিম মোল্লা (৩৫)। তিনি দারুস সালাম থানার এএসআই হিসেবে কর্মরত ছিলেন। গত রাত পৌনে ৯টায় পুলিশের চেকপোস্ট তল্লাশির সময় এ হত্যাকাণ্ড ঘটে। হামলাকারী একজনকে গুরুতর আহতাবস্থায় আটক করা হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দারুস সালাম থানার ওসি (তদন্ত) ফারুকুজ্জামান জানান, গত রাতে দারুস সালাম থানার এএসআই ইব্রাহিমের নেতৃত্বে চারজন পুলিশ ও পাঁচজন আনসার সদস্য গাবতলী বাস টার্মিনালের উল্টো দিকের পর্বতা সিনেমা হলের সামনে একটি চেকপোস্ট বসায়। এ সময় তারা সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ ও তল্লাশি করছিলেন। রাত সাড়ে ৮টার দিকে গাবতলী ব্রিজের দিক থেকে দুই যুবক তাদের দিকে হেঁটে আসছিলেন। ওই যুবকদের গতিবিধি ও তাদের ব্যাগ দু’টি পুলিশের সন্দেহ হয়। এ জন্য পুলিশ তাদের চেকপোস্টে দাঁড়াতে বলেন। তারা দাঁড়ালে এএসআই ইব্রাহিম তাদের ব্যাগ তল্লাশি করা হবে বলে সহযোগিতা চান। প্রথমে ওই যুবকরা তাদের দেহ ও ব্যাগ তল্লাশি করতে দিলে পুলিশ তল্লাশি শুরু করে। এমন সময় তাদের মধ্যে থেকে একজন ব্যাগ থেকে ধারালো ছুরি বের করে ইব্রাহিম মোল্লাকে এলোপাতাড়ি কোপাতে থাকে। গুরুতর অবস্থায় ইব্রাহিম মোল্লা চিকৎকার করলে সহকর্মীরা ছুটে আসেন। ঠিক ওই সময় হামলাকারীরা দৌড়ে পালানোর চেষ্টা করে। এ সময় পথচারীদের সহযোগিতায় পুলিশ তাদের মধ্যে থেকে একজন আটক করে। উত্তেজিত জনতা তাকে গণপিটুনি দিলে ওই যুবকও গুরুতর আহত হয়। পরে দু’জনকেই উদ্ধার করে দ্রুত সোহরাওয়ার্দী হাসপাতালে নেয়া হলে রাত পৌনে ১০টায় ইব্রাহিম মোল্লার মৃত্যু হয়। হামলাকারীর অবস্থাও আশঙ্কাজনক। তার নাম সোহেল (২৫) বলে জানা গেছে। তবে অসুস্থ থাকায় এ মুহূর্তে তার কাছ থেকে পরিচয় বা কোনো তথ্য সংগ্রহ করা সম্ভব হয়নি বলে জানান তিনি।
অপর একটি সূত্র জানায়, দুর্বৃত্তরা আমিনবাজারের দিক থেকে মোটরসাইকেলে করে ঢাকায় প্রবেশ করছিল। মোটরসাইকেলে তিনজন যুবক ছিল। পুলিশ তাদের তল্লাশির সিগন্যাল দিলে তারা দাঁড়িয়ে যায়। এ সময় এএসআই ইব্রাহিম তল্লাশির চেষ্টা করতেই তাদের মধ্যে একজন ছুরি বের করে ইব্রাহিমকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। দারুস সালাম থানার এসআই হাবিবুর রহমান জানান, নিহত ইব্রাহিম মোল্লার গ্রামের বাড়ি বাগেরহাটের কচুয়ায়। তার বাবার নাম আব্দুস সাত্তার মোল্লা।
দারুস সালাম থানার ওসি সেলিমুজ্জামান জানান, এ ঘটনার সাথে জড়িতদের ধরতে ইতোমধ্যে পুলিশ তল্লাশি শুরু করেছে। ঢাকা মেট্রোপলিটন এরিয়াসহ বিভিন্ন পুলিশ স্টেশনে মেসেজ পাঠানো হয়েছে। তদন্তসাপেক্ষে বিস্তারিত তথ্য পাওয়া যাবে বলে জানান তিনি।

0 comments: